চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চার সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী

0
2

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকাকে স্থায়ীভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণে এনে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড গত বৃহস্পতিবার থেকে এলাকায় চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজ শুরু করেছে।

সোমবার (৮ জুন) জঙ্গল সলিমপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ জানান, প্রকল্পের আওতায় ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয়, আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) সংলগ্ন ভাটিয়ারী-বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পর্যন্ত এবং জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে আরও একটি সড়ক নির্মাণ করা হবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় ৩ হাজার ১০০ একর বিস্তৃত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র অপরাধী চক্রের দখলে ছিল। ইয়াসিন ও রোকন বাহিনীর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে বাধার পাশাপাশি অতীতে র‌্যাবের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনাও ঘটেছে এ এলাকায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবিষ্যতে পুরো এলাকায় প্রায় ১০ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে আলীনগর স্কুলসংলগ্ন এলাকায় সড়ক প্রশস্তকরণ ও মাটি কাটার কাজ চলছে। নির্মাণাধীন সড়কের প্রস্থ হবে ১৮ ফুট।

২৬ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আল মাসুদ জানান, পাহাড়ি ভূপ্রকৃতির কারণে প্রকল্পে অন্তত তিনটি বড় সেতু, প্রয়োজনীয় সংখ্যক কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা এবং পাহাড়ধস প্রতিরোধে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। বর্ষা মৌসুমের চ্যালেঞ্জ সত্ত্বেও বিশেষ প্রকৌশল কৌশল অনুসরণ করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে রাস্তার ভিত্তি তৈরির জন্য মাটি কেটে রাখা হলে বৃষ্টির পানিতে তা স্বাভাবিকভাবে শক্ত ও স্থিতিশীল হয়ে ওঠে, যা ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব বাড়াতে সহায়ক হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পুরো কাজ সম্পন্ন করতে ছয় থেকে সাত মাস সময় লাগতে পারে। নির্মাণকাজ নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‌্যাব ও বিজিবি সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করছে।

উল্লেখ্য, গত ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জঙ্গল সলিমপুর পরিদর্শন করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন। এরপর প্রশাসনের অনুরোধে সেনাবাহিনী এই সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করে। সংশ্লিষ্টদের মতে, এটি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলকে রাষ্ট্রীয় উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থার মূলধারায় ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − ten =