রাস মেলায় গোসলে নেমে ভেসে যাওয়া পর্যটক সাগরে উদ্ধার

0
174

সুন্দরবনের রাস মেলায় দুবলার চরে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। তার নিখোঁজের খবরে অভিযানে নামে কোস্টগার্ড। একপর্যায়ে দুবলার চর সংলগ্ন সমুদ্র থেকে তাকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তবে ওই পর্যটকের বিস্তারিত পরিচয় জানায়নি কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, মঙ্গলবার দুপুর ১২ টায় সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে আগত এক পর্যটক সমুদ্র তীরে গোসল নামে। এসময় স্রোতে ভেসে যান তিনি। খবর পেয়ে কোস্টগার্ডের ‘জাহাজ স্বাধীন’ দিয়ে দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় তাৎক্ষণিক চিরুনি অভিযান শুরু করে কোস্টগার্ড। অভিযানে ওই পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, রাস মেলায় গোসলে নেমে একজন পর্যটক স্রোতে ভেসে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযানে নামে কোস্টগার্ড। একপর্যায়ে দুবলার চর সংলগ্ন সমুদ্র থেকে ওই পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। পর্যটকদের জানমাল রক্ষায় আপদকালীন মূহুর্তে কোস্টগার্ডের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে গত সোমবার থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। পূর্ণিমার তিথিতে পুণ্যস্নান ও পূজার মধ্য দিয়ে এই উৎসব উদ্‌যাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + twelve =