লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউসুফ নামে এক স্থানীয় যুবককে দায়ী করেছেন নিহতের পরিবার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। তবে হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।
নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারীবাড়ির বাসিন্দা ছিলেন। স্থানীয় নাগমুদ বাজারে তিনি একটি কনফেকশনারির দোকান করতেন।
অভিযুক্ত ইউসুফ সাহারপাড়া গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। তিনি প্রবাসী ছিলেন এবং প্রায় দেড় বছর আগে দেশে ফিরে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেন ব্যবসায়ী আনোয়ার। কিছুক্ষণ পর সেখানে গিয়ে ইউসুফ তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে দোকানের ভেতরে ডেকে নিয়ে আনোয়ারের বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী বলেন, কেন আমার স্বামীকে হত্যা করা হয়েছে, জানি না। নির্মমভাবে তাকে খুন করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।
রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী জানান, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যক্তিগত বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ইউসুফ পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে।




