জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা তাসনিম জারা ও তাজনূভা জাবীনসহ অন্যান্য নেতাদের নিজ দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
রোববার দুপুর ২টা ১০ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন,
“জামায়াতের কারণে যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সমঝোতার খবর সামনে আসার পর রোববার এনসিপি থেকে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
এর আগের দিন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা শেষ হবে সোমবার বিকেল ৫টায়। এই সময়ের মধ্যেই এনসিপিতে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে পদত্যাগী নেতাদের নিজের দলে আমন্ত্রণ জানান আমজনতার দলের সাধারণ সম্পাদক।
তারেক রহমান ফেসবুক পোস্টে আরও লিখেন, “আমাদের রাজনৈতিক ইতিহাসে মতবিরোধ থাকতে পারে, কিন্তু অর্থনৈতিক কেলেঙ্কারির কোনো ইতিহাস নেই। প্রয়োজন হলে আমরা জনগণের কাছে গিয়েছি, কারও ওপর জোর করে অর্থ সংগ্রহ করিনি।”
তিনি আরও বলেন, “নির্বাচনে আমরা সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।”
জানা গেছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে এনসিপি যাতে যোগ না দেয়—এই দাবিতে শনিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে ৩০ নেতা চিঠি দেন। তবে এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
এদিকে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে অনশনে বসা আমজনতার দল সম্প্রতি নিবন্ধন লাভ করে। গত ২১ ডিসেম্বর দলটি ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের আলোচনা সামনে আসার পর এনসিপিতে ধারাবাহিকভাবে পদত্যাগের ঘটনা ঘটছে। গত ২৫ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিল সদস্য মীর আরশাদুল হক পদত্যাগ করেন। তিনি দলীয় মনোনয়ন পেলেও নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সর্বশেষ আজ পদত্যাগের ঘোষণা দেন তাসনুভা জাবীন ও জাতীয় নাগরিক পার্টির পদ ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আবুল কাশেম।




