২৫ বছর পূর্ণ করার স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

0
158

গৌরবময় পথচলার ২৫ বছর পূর্ণ করার পাশাপাশি টানা সপ্তমবারের মতো বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের কৃতিত্ব উদ্‌যাপন করল স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৬’-এ উঠে এসেছে আগামী দিনের বাজার সম্প্রসারণ ও আধুনিক বিপণন কৌশলের নানা দিক।

সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এ বছর সফলভাবে তাদের যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে। একই সঙ্গে টানা সপ্তমবারের মতো বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য ও পরিকল্পিত বাস্তবায়নেরই প্রতিফলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। এ ছাড়া চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সাফল্য বিক্রয় টিমের নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতামূলক বাজারে কেবল পণ্য বিক্রয় নয়, বরং গ্রাহকসেবা উন্নয়ন, বাজার পরিস্থিতির সাথে মানিয়ে চলা এবং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সম্পর্ক জোরদার করাও সমান গুরুত্বপূর্ণ। বিক্রয়কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল নতুন পণ্যের ঘোষণা; খুব শীঘ্রই কয়েকটি ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এখানে।

বর্তমানে বিশ্বের ৩০টির বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ। রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম– এই ব্র্যান্ডগুলো দেশের বাজারে যেমন আস্থা অর্জন করেছে, তেমনি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিয়নাল ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা এই সম্মেলনে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫ সালের সেরা পারফরমারদের ‘পারফরম্যান্স অব দ্য ইয়ার’-সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =