রাজধানীর প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী মেহেদী উৎসবের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখপাত্র আসিফ মাহমুদ গান পরিবেশন করবেন।
ঈদ উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা যায়, উৎসবের প্রথমদিন রবীন্দ্র সরোবরে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে আয়োজন শুরু হবে। ঈদের দিন বর্ণাঢ্য ঈদ মিছিল আয়োজন করা হবে। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আয়োজন শুরু হবে। নাগরিক অংশগ্রহণে এই মিছিল ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদযাপনের ধারাকে স্মরণ করিয়ে দেবে।
উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।
আয়োজকদের মতে, ঐতিহাসিকভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির এক বড় উপলক্ষ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেই নাগরিক অংশগ্রহণে এই ঈদ উৎসব আয়োজন করা হয়েছে।
এদিকে আজ ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, সন্ধ্যায় সপরিবারে রবীন্দ্র সরোবরে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছি। আপনারাও আসেন চাঁদরাত উদযাপন করি।




