নতুন সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, নতুন পাঁচ উপজেলার চূড়ান্ত প্রস্তাব অনুমোদন

0
38

দেশের প্রশাসনিক কাঠামোতে এক বড় মাইলফলক অর্জিত হলো ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার) এর ১২০তম বৈঠকের মাধ্যমে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বগুড়া সিটি করপোরেশনসহ নতুন আরও পাঁচটি উপজেলা গঠনের  চূড়ান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে বর্তমানে দেশে সিটি করপোরেশনের মোট সংখ্যা ১২টি থেকে বেড়ে ১৩টিতে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করায় ওই অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

একই বৈঠকে দেশের বিভিন্ন জেলায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নতুন পাঁচটি উপজেলার অনুমোদন দেওয়া হয়। এর ফলে দেশে বিদ্যমান উপজেলার সংখ্যা ৪৯৫টি থেকে বেড়ে এখন রাউন্ড ফিগার ৫০০-তে উন্নীত হয়েছে।

নতুন গঠিত এই উপজেলাগুলোর মধ্যে রয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে গঠিত মোকামতলা উপজেলা এবং কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে গঠিত মাতামুহুরী উপজেলা। এছাড়া ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভেঙে রুহিয়া ও ভুল্লী নামে দুটি পৃথক উপজেলা এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে।সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে স্থানীয় বাসিন্দারা এখন আরও সহজে ও দ্রুততার সাথে প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 5 =