চাঁদপুরে সদরের বাগাদিতে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

0
7

চাঁদপুর সদরের বাগাদিতে ট্রাকের ধাক্কায় মো. জোহা (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত জোহা এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন মো. সাজ্জিল (২০) নামে আরও এক মোটরসাইকেল আরোহী।

রোববার (৩১ মে) দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকাই এই দুর্ঘটনা ঘটে।

নিহত জোহা ইসলামপুর গাছতলা পাঠান বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের ভাগিনা এবং শাহরাস্তি উপজেলার মিরাজ সালেহ উদ্দিন তছলিমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট বেলা থেকে মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করতেন। সে চলতি বছর চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। দুই ভাই-বোনের মধ্যে জোহা ছোট।

অন্যদিকে আহত সাজ্জিল একই গ্রামের পাটওয়ারী বাড়ির আবু তাহের পাটওয়ারীর ছেলে। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে বাইক নিয়ে জোহা ও তার বন্ধু সাজ্জিল ফরিদগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন জোহা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, হাসপাতালে আনার পূর্বেই জোহা নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ট্রাকটি বাইকে থাকা দুজনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মরদেহ সুরতহাল করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। আইনি ব্যবস্থা শেষে নিহত তরুণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =