প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ- বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর মন খারাপ-বিরোধী দল কেন সমালোচনা করে।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে। কিন্তু আপনি দুর্নীতি ও লুটপাটের রাস্তা বন্ধ করেননি। ব্যাংক দখল বন্ধ করেন নাই। আমরা জানিনা বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতাকর্মীর পকেটে যাবে।
এই বাজাটের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নাই উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, জনগণকে যে স্বপ্ন দেখানো হচ্ছে, সেই স্বপ্ন পূরণে সরকার ব্যর্থ হবে। এমন একটি বাজেট দেওয়া হয়েছে, যা বাস্তবায়নে দেশকে বিভিন্ন দেশ থেকে ঋণ নিতে হবে। এই বাজেটের সমালোচনা যৌক্তিক সমালোচনা।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে এবং গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি এখনও অস্থিতিশীল।
তিনি বলেন, এই বাজেট বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কোনো পরিবর্তন আনতে পারবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশের পরিবর্তন করতে হলে গণভোটের গণরায় অনুযায়ী সরকার গঠন করতে হবে এবং পুলিশসহ রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন। তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে জাতীয় দলের এক ক্রিকেটারকে মারধর করা হয়েছে, কিন্তু পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।




