বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমালো বিইআরসি

0
1

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে প্রতি লিটার ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ১০ পয়সা, যা আগে ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা। নতুন এই মূল্য মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টা থেকে কার্যকর হবে।

মঙ্গলবার বিইআরসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৩০ জুন অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত আমদানি করা ফার্নেস তেলের মূল্য এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

দাম কমায় তেলচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যয় কিছুটা হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগে গত মাসে ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছিল।

এর আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণের দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে হস্তান্তর করার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি এ জ্বালানির দাম নির্ধারণ করে। সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে চতুর্থবারের মতো ফার্নেস তেলের মূল্য সমন্বয় করা হলো।

বিপিসির অধীন তেল বিপণনকারী চার প্রতিষ্ঠান- পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এসব প্রতিষ্ঠানের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্ট সরকারের নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরে মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। গত বছরের ২০ জানুয়ারি বিপিসি এবং পরবর্তীতে চারটি তেল বিপণনকারী প্রতিষ্ঠান বিইআরসির কাছে মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব দেয়। এ বিষয়ে গত ২৯ জানুয়ারি গণশুনানি আয়োজনের পর ধারাবাহিকভাবে দাম সমন্বয় করে আসছে কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 3 =