এবারের সফরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের একটি ম্যাচ হওয়ার কথা কানপুরে। তবে এই ম্যাচের আগে ঝামেলা করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। ফলে ওই মাঠে খেলা হওয়া নিয়ে শঙ্কা তৈরী হয়। গুঞ্জন ছিল ভেন্যু বদলে ফেলার। তবে ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে ভেন্যু বদল নয় ২৭শে সেপ্টেম্বর কানপুরেই হবে বাংলাদেশ-ভারতের ওই টেস্ট ম্যাচটি।
হামলার হুমকি দিয়ে অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় সংগঠনটির দাবি করে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে। এর প্রতিবাদ করতেই বাংলাদেশ-ভারতের মধ্যে দুটি ম্যাচ বাতিলের আহ্বান জানাচ্ছে তারা। এর আগে গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দেন একই সংগঠনের সহসভাপতি জাভিয়ের ভরদ্বাজ।
কিছুদিন আগে ভরদ্বাজ বার্তা সংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে…মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’
ইন্ডিয়া টুডে বোর্ডের সূত্র ধরে জানায়, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সূচি অনুযায়ী যেন ম্যাচ হয়, আমরা সে জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। দুই দলের ম্যাচ আয়োজন করতে স্টেডিয়াম প্রস্তুত।’ সূত্রটি আরও বলেছে, ‘ম্যাচ অন্য কোথাও না, কানপুরেই হবে। তবু আমরা নজর রাখব, সেটা কানপুর এবং অন্য ভেন্যুগুলোতেও।’




