বিপিএলের নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল

0
184

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন না। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য খেলোয়াড় নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পর্কে ইতোমধ্যে বিসিবি অবহিত করেছেন তিনি। বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকবাজকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তামিম নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে অনুরোধ করেছি আমার নামটা ড্রাফট থেকে তুলে নিতে।”

২০১২ সালে বিপিএলের সূচনা থেকে একটি মৌসুমও বাদ পড়েননি তামিম ইকবাল। বিপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার তিনি। সাম্প্রতিক দুই আসরে ফরচুন বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ব্যাট হাতেও ছিলেন ধারাবাহিক ও প্রভাবশালী। তাই এবারের সিদ্ধান্ত ক্রিকেটভক্তদের মাঝে হতাশার জন্ম দিলেও পুরোপুরি অপ্রত্যাশিত নয়।

তার না খেলার পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে স্বাস্থ্য এবং প্রস্তুতির অভাব। গত বছরের মার্চে ঘরোয়া ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন এ অভিজ্ঞ ওপেনার। চিকিৎসা, পুনর্বাসন এবং ব্যক্তিগত সময় নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এরই মাঝে ফরচুন বরিশালের বিপিএল থেকে সরে দাঁড়ানো বিষয়টিকে আরও জটিল করেছে।

মাঠের বাইরের সময়টায় তামিম ক্রিকেট প্রশাসনেও যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাড়ান।

সব মিলিয়ে দেশের অন্যতম সেরা ওপেনারের বিপিএল না খেলার সিদ্ধান্ত তার মাঠে ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eight =