শেরপুর জেলার নকলা উপজেলায় কন্যাশিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

0
168

শেরপুর জেলার নকলা উপজেলায় মরিয়ম আক্তার (৬) নামে এক কন্যাশিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। একই ঘটনায় চার বছর বয়সী আরেক কন্যাশিশু মিম গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত পিতা অটোরিকশা চালক বাবু মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ।

১৮ জানুয়ারি রোববার ভোররাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার চরবসন্তী এলাকার রবি মিয়ার ছেলে বাবু মিয়া ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে সেই বিরোধের জেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। ঘটনার দিন ভোররাতে বাবু মিয়া হঠাৎ বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন এবং ছোট মেয়ে মিমকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন।

এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশু মিমকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চরঅষ্টধর ইউনিয়নের ইউপি সদস্য মো. দুলাল বলেন, পারিবারিক সমস্যার কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 4 =