শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন

0
155

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত মাওলানা রেজাউল করীমের হত্যাকারীদের উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী মারজিয়া। শেরপুর জেলা শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে ২ ফেব্রুয়ারি সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মারজিয়া জানান, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে মাহমুদুল হক রুবেলের নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা তাঁর স্বামী মাওলানা রেজাউল করীমকে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেছিলেন। কিন্তু শোকের ছায়া না কাটতেই তিনি জানতে পেরেছেন যে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রধান অভিযুক্তরা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

মারজিয়া তাঁর বক্তব্যে বলেন, “আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার স্বামী হত্যার বিচার চাই। আমি জানতে চাই, ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরও কাদের ইশারায় হত্যাকারীদের জামিন মঞ্জুর করা হলো? রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে আসামিরা জামিন পায়?”

তিনি সরাসরি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আপনি কোন দলের নন, আপনি রাষ্ট্রের আইনজীবী। আমরা চাই আপনি অবিলম্বে উচ্চ আদালতে আপিল করে এই খুনিদের জামিন বাতিলের ব্যবস্থা করুন। অন্যথায় আমরা ধরে নেব আপনিও অপরাধীদের সহায়তাকারী।”

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শেরপুর-৩ আসনের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করীম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এঘটনায় নিহতের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

সংবাদ সম্মেলনে মারজিয়া আরও যোগ করেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তিনি দুই এতিম সন্তানের ভবিষ্যৎ এবং নিজের নিরাপত্তার বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় শেরপুর জেলা জামায়েত আমির মাওলানা হাফিজুর রহমান, নিহত রেজাউল করীম এর পরিবারের সদস্যবৃন্দ, শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − ten =