নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের দিন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দেবীদ্বার থেকে মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজি বিদায় নেবে। তিনি বলেন, ১৩ ফেব্রুয়ারি দেবীদ্বারে চাঁদাবাজি ও ঋণখেলাপিমুক্ত একটি নতুন সূর্য উদিত হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া এলাকার বটতলী বাজারে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে নির্বাচনের সময় ভোটারদের খাওয়ানো, টাকা দেওয়া ও ভোটকেন্দ্রে নিতে বাড়িতে সিএনজি অটোরিকশা পাঠানোর মতো অনিয়ম হয়েছে। তিনি বলেন, ভোটের আগে প্রার্থীর কাছ থেকে ঘুষ নিলে পরে পাঁচ বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার থাকে না।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন ফজরের নামাজ শেষে কেন্দ্রে গিয়ে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে, যাতে কেউ ভোটাধিকার কেড়ে নিতে না পারে। তিনি আরও বলেন, কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।
এ সময় তিনি ছাত্র শক্তি ও ছাত্রশিবিরের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বলেন, তরুণদের সক্রিয় উপস্থিতিতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
এর আগে মঙ্গলবার সকালে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তার নিজ ইউনিয়নে নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া হয়েছে। তিনি বলেন, সোমবার রাতে রসুলপুরের খাইয়ার গ্রামে তার ব্যানারে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়।
উঠান বৈঠক ও নির্বাচনী সভায় দেবীদ্বার উপজেলা জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতারা বক্তব্য দেন।




