সেইফার্ট-অ্যালেন জুটিতে রেকর্ড, ১০ উইকেটে বিশাল ব্যবধানে জয় জিতল কিউইরা

0
161

প্রথমে ব্যাট করে ১৭৩ রান তুলে লড়াইয়ের আভাস দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সেই স্কোরকে কার্যত আমলেই নিল না নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের রেকর্ডগড়া ওপেনিং জুটিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে কিউইরা।

টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতেই ৭৮ রান তুলে নেয় কিউই ওপেনাররা। এরপর আরও বিধ্বংসী রূপ নেন সেইফার্ট ও অ্যালেন। শেষ পর্যন্ত মাত্র ১৫.২ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে দলটি।

টিম সেইফার্ট ৪২ বলে অপরাজিত ৮৯ রান এবং ফিন অ্যালেন ৫০ বলে অপরাজিত ৮৪ রান করেন। দুজন মিলে ওপেনিং জুটিতে তোলেন ১৭৫ রান, যা টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি। এর আগে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলসের দখলে, যারা ১৭০ রানের জুটি গড়েছিলেন।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাতের ইনিংসটা ছিল ওঠানামায় ভরা। আরিয়ান্স শর্মা ৬ বলে ৮ রান করে আউট হন। এরপর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন আলিসান সারাফু।

ফিফটি পূরণের পর ৫৫ রান করে আউট হন সারাফু। হারসিথ কৌশিক ২, মায়াঙ্ক কুমার ২১, শোয়াইব খান ৭ ও মুহাম্মদ আরফান শূন্যরানে আউট হন।

শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রেখে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ৪৫ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে সংযুক্ত আরব আমিরাত।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি। এছাড়া আরও চারজন বোলার একটি করে উইকেট শিকার করেন। রেকর্ড গড়া ব্যাটিংয়ের মধ্য দিয়ে সহজ জয় তুলে নিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল নিউজিল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + three =