খুলনানিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

0
158

প্রায় দেড় বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিনের মাথায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। এই ঘটনা জানাজানির পর ওই কার্যালয়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। একপর্যায়ে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে বিকেল ৪টার দিকে লোহার রোড সংলগ্ন কার্যালয়ে প্রবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঘটনাটি জানাজানির পর সন্ধ্যা ৭টার দিকে ওই কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আশপাশের ব্যবসায়ীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭/৮ জন নেতাকর্মী নগরীর শহিদ হাদিস পার্ক সংলগ্ন (শঙ্খ মার্কেট) মহানগর ও জেলা কার্যালয়ে যান। এ সময় তারা নিচের মেইন গেটের তালা খুলে দোতলায় যান। সেখানে তারা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এই ঘটনা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।

এদিকে বিকেলে কার্যালয়ে প্রবেশের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত জাহাঙ্গীর হোসেন নামের একজন নিজেকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা নতুন সরকারকে বলতে চাই- আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাবো।

খুলনা সদর থানার ওসি কবীর হোসেন বলেন, বিকেলে হঠাৎ করে ৭/৮ জন আওয়ামী লীগ অফিস খুলেছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সন্ধ্যার পর আওয়ামী লীগ অফিস খোলার প্রতিবাদে ‘রেড জুলাই’ নামের ৭-৮ জন ছাত্র আওয়ামী লীগ অফিসে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে এবং কিছুক্ষণের মধ্যে সেই আগুন নিভে যায়।

নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাকির হোসেন বলেন, সন্ধ্যার পর আওয়ামী লীগ অফিসে সামান্য আগুন দেওয়া হয়েছিল। আমরা দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলেছি।উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর থেকে সেটি বন্ধ ছিল। সর্বশেষ রোববার বিকেল ৪টার দিকে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =