ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা থাকলেও বান্দরবানের রুমা উপজেলায় এখনো ‘শাপলা কলি’ প্রতীকের ব্যানার ও ফেস্টুন ঝুলতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের বিভিন্ন অলিগলি, বাজার এলাকা ও প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থানে এখনো প্রকাশ্যেই টানানো রয়েছে এসব ব্যানার। নির্ধারিত সময় পার হলেও সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে তা অপসারণে দৃশ্যমান উদ্যোগ নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট নেতাকর্মীরা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে প্রচারণা সামগ্রী বহাল রেখেছেন এমন অভিযোগ বিভিন্ন মহলে ঘুরছে।
এ বিষয়ে রুমা উপজেলা এনসিপি’র আহ্বায়ক অংসিংনু মারমা, যিনি বর্তমানে রুমা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ের রুমা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এনসিপি উপজেলা কমিটির আহ্বায়ক অংসিংনুং মারমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়কের উপর টানানো ব্যানারগুলো এখনো অপসারণ করা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি অবিলম্বে রুমা উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেবেন, যাতে দ্রুত সময়ের মধ্যে ব্যানারগুলো খুলে ফেলা হয়। পাশাপাশি তিনি জানান, জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে—সেদিকে লক্ষ্য রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এলাকাবাসীর প্রত্যাশা—নির্বাচনী আইন বাস্তবায়নে প্রশাসন দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেবে এবং সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করবে।




