ময়মনসিংহের ফুলবাড়ীতে সাইকেল চালানো শিখতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় মুবিন (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ী উপজেলার কালাদহ ইউনিয়নের আয়েশার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুবিন স্থানীয় একটি কওমি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সে ওই গ্রামের বড়িল পাড়া এলাকার হায়দার আলীর ছেলে।
নিহত মুবিনের প্রতিবেশী শিমুল সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশেই কেশরগঞ্জ টু পাটিরা সড়কে বাই সাইকেল চালানো শিখছিলেন শিশু মুবিন। হঠাৎ করে কেশরগঞ্জগামী একটি ইজিবাইকের সঙ্গে দুর্ঘটনা শিকার হয়। শিশুটির মাথার উপর দিয়ে ইজিবাইকের চাকা উঠে পড়লে শিশুটি মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, শিশু মৃত্যুর ঘটনায় (ইউডি) অপমৃত্যু থানায় মামলা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




