একটি মন্ত্রণালয় ও তিন বিভাগে সাবেক সরকারি চারজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) এক বছরের জন্য চুক্তিতে তাদের সচিব পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তারা এই পদে অধিষ্ঠিত থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।




