মন্ত্রীসভার সিদ্ধান্তে ঈদে ছুটি হচ্ছে টানা সাত দিন ; যে দিন থেকে শুরু……

0
269

এবারের ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিল সরকার। পূর্বঘোষিত ছুটির সঙ্গে নতুন করে ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শবে কদর ও ঈদের ছুটি মিলিয়ে টানা সাত দিনের এক দীর্ঘ অবকাশ পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল। তবে তার আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি থাকায় মাঝে ১৮ মার্চ একমাত্র কর্মদিবস হিসেবে বাকি ছিল। এখন ১৮ মার্চও ছুটির আওতায় আসায় ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মজীবীরা।

সচিবালয় সূত্রে জানা গেছে, মূলত সাধারণ মানুষের ঈদযাত্রা সহজ ও নির্বিঘ্ন করতেই মন্ত্রিসভা এই নির্বাহী আদেশের ছুটির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এবার কোনো রকম কর্মদিবসের বিড়ম্বনা ছাড়াই দীর্ঘ এক সপ্তাহ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি হলো।

টানা এই ছুটির ফলে রাজধানীর ঘরমুখো মানুষের ভিড় কিছুটা আগেভাগে শুরু হবে এবং যাতায়াতে চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ বিরতির এই সিদ্ধান্তে বিভিন্ন দপ্তরগুলোতে এখন বইছে আগাম ঈদের আনন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 17 =