মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

0
123

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল। তিনি জানান, বিকেল ৫টার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামস সুমন। পরে বিষয়টি তিনি অভিনেতা শাহাদৎ হোসেনকে জানান। দ্রুত তাকে রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুজাত শিমুল আরও জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্ডিয়াক অ্যারেস্টে এই অভিনেতার মৃত্যু হয়েছে।

একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন। মঞ্চনাটক দিয়ে অভিনয় জীবন শুরু করে তিনি ছোট পর্দা ও বড় পর্দা—দুই মাধ্যমেই সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিভি নাটকে তুলনামূলক কম দেখা গেছে তাকে।

শামস সুমন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’।

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

উল্লেখ্য, তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই-এর অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 8 =