পুলিশের এসআই সেজে ওসির কাছে তদবির, যুবক গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ

0
114

মধুপুর থানায় পুলিশের এসআই পরিচয়ে তদবির করতে আসা মো. মিজানুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মধুপুর থানায় এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম। গ্রেপ্তার মিজানুর রহমানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা।

সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার মধুপুর থানায় এসে তিনি নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। ২৮তম ব্যাচের একজন এসআই এবং পুলিশ হেডকোয়াটার্সের এলআইসি শাখায় কর্মরত বলে দাবিও করেন মিজানুর।

পুলিশ জানায়, মিজানুর পেশাগতভাবে একজন প্রতারক। পুলিশ হেডকোয়াটার্সে সাব-ইন্সপেক্টর হিসাবে কর্মরত পরিচয়ে দীর্ঘ দিন ধরে বহু নিরীহ মানুষকে সে ব্ল্যাকমেইলিং করে আসছিল। গত বৃহস্পতিবার মধুপুর উপজেলার জলছত্র এলাকায় একটি জমি সংক্রান্ত মামলার তদবিরের নামে বেশ কিছু টাকাপয়সা হাতিয়ে নিয়ে সেদিন রাতে মধুপুর থানায় আসেন মিজানুর। সেখানে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়ে মামলার তদবির শুরু করেন। তার কথাবার্তা এবং আচরণে থানা পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

মধুপুর থানার ওসি ফজলুল হক জানান, আটকের পরে দেলদুয়ার থানায় খোঁজ খবর নিয়ে জানতে পারি সে একজন পেশাদার প্রতারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান তার অপকর্মের কথা স্বীকার করে। তার নিকট থেকে পুলিশের একটি ট্রাকসুট, সোল্ডার লাইট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মধুপুর থানায় মামলা একটি দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 16 =