প্রধানমন্ত্রী তারেক রহমানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সচিব পদমর্যাদায় তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) দায়িত্ব পালন করবেন। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন।
ড. শাকিরুল ইসলাম খান একজন খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদ। তিনি এর আগে জাপানের ওইতা ইউনিভার্সিটি ও এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউড জার্নালে তার ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।




