পাবনার ঈশ্বরদীতে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার আরামবাড়ীয়া এলাকায় ‘মুনসুর ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।আহত উজ্জ্বল হোসেন উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের আকমল হোসেনের ছেলে।
উজ্জ্বল হোসেন জানান, তিনি মোটরসাইকেলে পেট্রোল নিতে ফিলিং স্টেশনে যান। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি দেখে তিনি সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে পেট্রোল নেওয়ার অনুরোধ করেন। এ নিয়ে কয়েকজনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কে বা কারা পেছন থেকে তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত মোটরসাইকেল চালক আরমান হোসেন বলেন, ‘আমরা প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করেই মারামারি শুরু হয়। পরে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’




