টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রংপুর নগরীর অন্তত ১০টি সড়ক পানিতে তলিয়ে গেছে

0
50

টানা বৃষ্টিতে রংপুরনগরীর অন্তত ১০টি সড়ক পানিতে  তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দুর্বল ড্রেনেজ সিস্টেমের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হৃয়েছে।

শুক্রবার (১ মে) রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

নগরের বাসিন্দাদের অভিযোগ, রংপুর সিটি কর্পোরেশন সড়ক নির্মাণ করা হলেও ড্রেনেজ ব্যবস্থা, ড্রেন সংস্কার এবং পরিষ্কার না থাকায় পানি প্রবাহে বাধার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে নগরের বেশির ভাগ নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর বাবুখা, মাস্টারপাড়া, আবহাওয়া অফিস, চারতলা মোড় কলোনি, পার্কের মোড় এলাকার সর্দারপাড়া, লালবাগসহ অন্তত ১০টি এলাকায় সড়কে হাঁটু পানি জমেছে। এছাড়াও নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—সবখানেই জমে আছে বৃষ্টি পাতের পানি। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। অনেক এলাকায় পানি ঢুকে পড়েছে দোকানপাটেও, ফলে ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

নগরীর মাস্টারপাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, এই পাড়ায় ৪০ বছর ধরে আছি, বৃষ্টির মৌসুম মানেই আমাদের দুর্ভোগ। সিটি কর্পোরেশন প্রতি বছর ড্রেন পরিষ্কারের কথা বলে কিন্তু করা হয় না, দুর্ভোগও কমে না। সড়কের দুই পাশে বাড়ি হচ্ছে, ময়লা-আবর্জনায় ভরে যাচ্ছে। যে পরিমাণ বাড়ি হয়, সেই পরিমাণ ড্রেন নির্মাণ করা হয় না, পরিষ্কারও হয় না। তাহলে পানি যাবে কোথায়। পানি বের হতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত নগরীতে ৬৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করার চেষ্টা করছি। আমাদের লোকজন মাঠে কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 7 =