ভালোবাসা থামে না দূরত্বে, ‘লাভ ইউ’, ওমর সানীকে ভিডিওতে মৌসুমী

0
36

দূরত্ব কখনোই সত্যিকারের ভালোবাসাকে থামাতে পারে না, এ কথারই আরেকটি উদাহরণ হয়ে উঠেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দম্পতি ওমর সানী ও মৌসুমী। বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, আর ওমর সানী রয়েছেন দেশেই। কিন্তু এই ভৌগোলিক দূরত্ব তাদের সম্পর্কের আন্তরিকতা ও ভালোবাসায় কোনো প্রভাব ফেলতে পারেনি।

ওমর সানির ৫৫তম জন্মদিনে মৌসুমীর পাঠানো একটি ভিডিও বার্তা ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। ভিডিওতে মৌসুমীকে একটি সুন্দর কেক সামনে নিয়ে হ্যাপি বার্থডে গাইতে দেখা যায়। বিশেষ এই দিনে ওমর সানীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে সব সময় থাকো।’

ভিডিও বার্তায় ওমর সানীকে উদ্দেশ করে মৌসুমী আরও বলেন, ‘বারবার তোমাকে আমরা এভাবেই পাশে চাই। সব সময়ের জন্য। আজকের এই দিনে তোমাকে যে জন্ম দিয়েছিলেন, সেই তোমার মায়ের জন্যও ভালোবাসা। তিনি না থাকলে তোমার জন্ম হতো না। তোমার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ, সানী।’

স্ত্রীর এমন আবেগঘন বার্তার প্রতি উত্তর দিতে ভুল করেননি ওমর সানীও। ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী তোমার জন্য দোয়া।’

ঢাকাই সিনেমার সাফল্যময় দশক নব্বইয়ের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানী বহু দর্শকনন্দিত সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। ঢালিউডে ওমর সানীর অভিষেক ঘটে ‘চাঁদের আলো’ ছবির মধ্য দিয়ে।

ওমর সানী অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘প্রেমগীত’, ‘আখেরী হামলা’, ‘হারানো প্রেম’, ‘চাঁদের হাসি’, ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘কুলি’, ‘অধিকার চাই’, ‘রঙিন নয়নমনি’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘গরীবের রানী’, ‘চালবাজ’, ‘সুখের স্বর্গ’, ‘বাপের টাকা’, ‘প্রেমের অহংকার’, ‘ত্যাজ্যপুত্র’, ‘ঘাত প্রতিঘাত’, ‘কে অপরাধী’, ‘মধুর মিলন’, ‘তুমি সুন্দর’, ‘প্রিয় তুমি’, ‘আমি তুমি সে’, ‘পাগল তোর জন্য রে’, ‘আজব প্রেম’ ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 17 =