কলকাতা পৌর করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। শুক্রবার বিকেলে করপোরেশনের চেয়ারপারসন মালা রায়ের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
২০১৮ সালে কলকাতা পৌর করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেন ফিরহাদ হাকিম। তার আগে একই কারণে চন্দননগর ও বিধাননগর পৌরসভার মেয়ররাও পদত্যাগ করেন।
পদত্যাগের পর সংবাদ সম্মেলনে ফিরহাদ হাকিম বলেন, দলের পক্ষ থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চেয়েছিলেন। তিনি সসম্মানে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন এবং দলীয় নেত্রী তাতে সম্মতি দিয়েছেন।
তিনি দাবি করেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে মনপ্রাণ দিয়ে কলকাতা পৌর করপোরেশনের উন্নয়নে কাজ করেছেন। করপোরেশনকে নতুনভাবে গড়ে তুলতে তিনি ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন। তবে তার কাজে কেউ অসন্তুষ্ট হয়ে থাকলেও সেই দায়ভার নিয়েই তিনি পদত্যাগ করেছেন বলে জানান।
এর মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট তীব্র হয়েছে। গত বুধবার বিধানসভা নির্বাচনের পর দলটির ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জন বিদ্রোহী অবস্থান নেন। তারা দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত শোভন দেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত করেন।
এ ঘটনার পর তৃণমূল কংগ্রেসে বিভাজনের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনে ভরাডুবির পর দলীয় বিধায়ক ও সংসদ সদস্যদের একাংশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।




