রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী

0
1

রাজধানী ঢাকার বাসস্ট্যান্ডগুলো আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তবে দীর্ঘ সময় বাসস্ট্যান্ডে বাস রেখে সৃষ্ট যানজট ও অব্যবস্থাপনা কমাতে ডিপোভিত্তিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, একটি বাসস্ট্যান্ডে ১২ থেকে ২৪ ঘণ্টা ধরে বাস অবস্থান করার কারণে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে বাসগুলো ডিপোতে রাখা হবে এবং নির্ধারিত সময়ের কিছু আগে বাসস্ট্যান্ডে এসে যাত্রী উঠিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

মহাখালী বাসস্ট্যান্ড আপাতত বহাল থাকছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ভবিষ্যতে এটি উত্তরায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ জন্য ৫০ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মহাখালী বাসস্ট্যান্ডে অতিরিক্ত চাপের কারণে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে। তাই যেসব বাস তাৎক্ষণিকভাবে ছেড়ে যাবে, সেগুলো স্ট্যান্ড ব্যবহার করবে। আর যেসব বাসের পরবর্তী ট্রিপে যেতে দীর্ঘ সময় বাকি থাকবে, সেগুলো বাসস্ট্যান্ডে না রেখে ডিপোতে রাখা হবে।

মন্ত্রী জানান, রাজধানীর ৩০০ ফিট এলাকায় একটি স্থান চিহ্নিত করা হয়েছে, যা সাময়িকভাবে ডিপো হিসেবে ব্যবহার করা হবে।

সায়েদাবাদ বাসস্ট্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হওয়ার পর এটি কাঁচপুরে স্থানান্তর করা হবে। তবে ততদিন পর্যন্ত বাসস্ট্যান্ডটি চালু থাকবে।

তিনি বলেন, “স্ট্যান্ড থেকে নির্ধারিত সময়ে যেসব বাস ছাড়বে, শুধু সেগুলোই বাসস্ট্যান্ডে অবস্থান করবে। বাকি সময় বাসগুলো ডিপোতে রাখা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =