নাটোরের গুরুদাসপুরে মেশিনের ফলা রেখে রোগীর পায়ে সেলাইয়ের ঘটনা তদন্তে কমিটি গঠন

0
1

নাটোরের গুরুদাসপুরে অস্ত্রোপচারে পর ড্রিল মেশিনের ফলা রেখেই এক নারীর পা সেলাই করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২১ জুলাই) বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন চিকিৎসক মশিউর রহমান। এর আগে মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এই ঘটনায় সোমবার ২০ জুলাই ‘নাটোরে ড্রিল মেশিনের ফলা রেখেই পা সেলাই করলেন চিকিৎসক! ৬০ হাজার টাকার অস্ত্রোপচার ঠেকেছে ৬ লাখে, সঙ্গে পা হারানোর ঝুঁকি’ শিরোনামে ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে এলে ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধাবারিষা ইউনিয়নের সিধুলী গ্রামের লালচান মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগমের (৫৫) বাম পায়ে ৩ জুন রাতে বড়াইগ্রামের বনপাড়া জাহেদা ক্লিনিকে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক জাহিদুল ইসলাম। ওই ক্লিনিকটি চিকিৎসক জাহিদুলের ব্যক্তি মালিকানাধীন।

আনোয়ারা বেগমের ভাষ্যমতে, অস্ত্রপচারের সময় এনেসথেশিয়া পুশ করেছিলেন চিকিৎসক জাহিদ নিজেই। অস্ত্রোপচার সফল না হওয়ায় পা নিয়ে তাকে ঝুঁকিতে পড়তে হয়েছে। চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে এখন তিনি শয্যশায়ী। গুনতে হচ্ছে লাখ লাখ টাকা।

ঢাকার একটি ট্রমা সেন্টারের অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক আয়ুব আলী ইত্তেফাক ডিজিটালকে বলেন, খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আনোয়ারা বেগমকে ঢাকায় আনা হয়। অস্ত্রোপচারের জায়গার মাংসে পচন ধরেছিল। নতুন করে পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায়- অস্ত্রপচারের সময় ড্রিল মেশিনের ফলা ভেঙে হাড়ের ভেতর রয়ে গেছে। হাড় জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা পাতের ক্রুগুলোও এলোমেলোভাবে লাগানো ছিল। মাংসের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। সেখান থেকে মাংস সরিয়ে অন্য স্থানের মাংস স্থাপন করা হয়েছে। তবে হাড়ের ভেতরে থাকা ড্রিল মেশিনের ফলাটি তারা অপসারণ করতে পারেননি। তিনিও চান সঠিক তদন্ত করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

নাটোরের সিভিল সার্জন মো. মশিউর রহমান বলেন, ইত্তেফাকে প্রকাশিত সংবাদটি নজরে আসার পর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পর চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর স্বাস্থ্য পরিচালক মো. হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিরপেক্ষ তদন্ত করতে নাটোরের সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =