মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি: জিডি, তদন্তের নির্দেশ আদালতের

0
2

প্রাণনাশের হুমকি ও অনুসরণ করার অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী  জান্নাতুল ফেরদৌস পিয়ার (পিয়া জান্নাতুল) করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে এই নির্দেশ দেন।

এদিন আদালতে জিডির তদন্ত অনুমতির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে পিয়া জান্নাতুল নিজে আদালতে উপস্থিত ছিলেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, জিডির অভিযোগ তদন্তের অনুমতির জন্য আজ শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে বিচারক পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ৮ জুলাই জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর বনানী থানায় জিডি করেন এই আইনজীবী। জিডিতে তিনি অভিযোগ করেন, সম্প্রতি এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেওয়ার পর থেকে তিনি লাগাতার হুমকির শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে।

জিডির বর্ণনায় পিয়া আরও জানান, প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কিছু ব্যক্তি বিভিন্ন স্থানে তাকে অনুসরণ করছে। এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন পার করছেন। যেকোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা থেকে তিনি পুলিশি সুরক্ষার আবেদন করেন।

নিরাপত্তা চাওয়ার পাশাপাশি জিডিতে নিজের অবস্থানও পরিষ্কার করেন পিয়া জান্নাতুল। তিনি উল্লেখ করেন, অতীত বা বর্তমানে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং এসব কর্মকাণ্ডের পেছনে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 6 =