ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন তুলে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। বিকল্প রেলপথে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে যমুনা এক্সপ্রেস ট্রেন। তাছাড়া চার ট্রেনের যাত্রা বিরতি বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
সর্বশেষ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলের দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রেললাইন মেরামত ও উদ্ধার কার্যক্রম চলছিল। এর আগে সোমবার ভোরে ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের লোহার দণ্ড খুলে নেওয়ায় ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে স্টেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ২ কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়। তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। রেলপথের ওই স্থানে ২০ ফিটের একটি লোহার দণ্ড দুপাশ থেকে নাট খুলে সরিয়ে ফেলা হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। রেলপথ লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ চালাচ্ছে।
ময়মনসিংহ রেলওয়ের পরিবহন পরিদর্শক শাহীনুর ইসলাম সোমবার বেলা ১২টার দিকে বলেন, রেলপথের প্রায় ২০ ফুট অংশ খুলে নেওয়ায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে আসা উদ্ধারকারী ট্রেন সকাল ১০টা ৩০ মিনিট থেকে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ হতে আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে।
এদিকে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সকাল ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহ স্টেশনে এসে অস্থায়ীভাবে থেমে যায়। ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকায় বিকল্প রুট হিসেবে গৌরীপুর, কিশোরগঞ্জ ও ভৈরব হয়ে ঢাকা যাত্রা করেছে ট্রেনটি।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানান, বিকল্প হিসেবে ভৈরব রুটে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ছেড়ে গেছে। এ ছাড়া ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভৈরব হয়ে ময়মনসিংহে আসবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকায় চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনগুলো হলো, ঢাকা-তারাকান্দি রুটের আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস, তারাকান্দি-ঢাকা রুটের আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটের আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও নেত্রকোনার মোহনগঞ্জ-ঢাকা রুটের আন্তনগর হাওর এক্সপ্রেস। টিকিটের মূল্য ফেরত পেতে অনলাইনে লগইন করে রিফান্ড গ্রহণের জন্য অনুরোধ করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, চলমান পরিস্থিতিতে অনিবার্য কারণে ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়েছে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় উপজেলা পরিষদসহ আশপাশে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত বাহিনী মোতায়েন রয়েছে। ভোরে রেলপথের একটি অংশের পাত খুলে ফেললেও কোনো হতাহত হয়নি। পৌর শহরের বিভিন্ন স্থানে সড়কে ছোটখাটো প্রতিবন্ধকতা করার চেষ্টা করা হয়েছিল, তবে তা গুরুত্বপূর্ণ নয়। আশা করছি, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘উপজেলা শহরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী মোতায়েন রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ঝামেলা যেন না হয়, সে দিকে আমরা তৎপর রয়েছি।’




