ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

0
161

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে তাদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে দণ্ড কার্যকর করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১) ধারা অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের সাইফুল ইসলাম (৩৫), আব্দুল মোমিন (৩৪) ও মুনা সরকার (২৯)। এছাড়া পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার বালিজুড়ী এলাকার হানিফ উদ্দিন (৪৫) এবং খাড়ামোড়া এলাকার কোমুর আলী (৫০)। দণ্ডাদেশের পর সাজাপ্রাপ্তদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় বর্তমানে বালু মহাল ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সুযোগে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − one =