দক্ষিণ আফ্রিকার কাছে হার, শেষ ম্যাচে ভারতকে হারাতেই হবে ওয়েস্ট ইন্ডিজের

0
160

৭ উইকেটে ৮৩—এই অবস্থায় যে কোনো দলই ভেঙে পড়তে পারত। কিন্তু জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের দৃঢ়তায় লড়াইয়ে ফিরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবু শেষ পর্যন্ত সবই গেল বৃথা। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয়ে সেমিফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।

ইনিংসের ১০.২ ওভারে ৮৩ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে হোল্ডার–শেফার্ড জুটি ম্যাচে প্রাণ ফেরায়। তাদের ৫৭ বলে ৮৭ রানের জুটিতে ছিল ১১টি ছক্কা। হোল্ডার করেন ৪৯, আর শেফার্ড অপরাজিত থাকেন ৫২ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭৬/৮ সংগ্রহ করে ক্যারিবীয়রা।

এই জুটিতে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ কিছু রেকর্ডও। ১০০ রানের আগে ৭ উইকেট হারানোর পর এটি টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এছাড়া ৯ নম্বরে নেমে ফিফটি করে রোমারিও শেফার্ড বিরল কৃতিত্বও গড়েন।

১৭৬ রান তখন লড়াই করার মতো স্কোরই মনে হচ্ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম শুরু থেকেই ম্যাচ একপেশে করে দেন।

পাওয়ার প্লের ৬ ওভারেই তারা তুলে ফেলেন ৬৯ রান। অষ্টম ওভারের শেষ বলে ডি কক আউট হওয়ার সময় স্কোর ৯৫। আর মাত্র এক রান হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটির সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে যেত।

ডি কক করেন ৪৭ রান। এরপর মার্করামের সঙ্গে যোগ দেন রায়ান রিকেলটন। তাদের ৪৯ বলে ৮২ রানের জুটি ম্যাচ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে নিয়ে যায়।

মার্করাম অপরাজিত ৮২ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৬.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৭৭/১ তুলে ৯ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা হন মার্করাম।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র সাফল্য পান রোস্টন চেজ (১/৪৬)। তবে প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে তা ছিল খুবই সামান্য।

এই জয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল প্রায় নিশ্চিত। পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন কঠিন সমীকরণ। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জিততেই হবে—নচেৎ বিদায় নিশ্চিত।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৮ (শেফার্ড ৫২*, হোল্ডার ৪৯; এনগিডি ৩/৩০)
দক্ষিণ আফ্রিকা: ১৬.১ ওভারে ১৭৭/১ (মার্করাম ৮২*, ডি কক ৪৭)
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: এইডেন মার্করাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + nineteen =