‘এমভি বাংলার জয়যাত্রা’ এবার সৌদির রাস আল খাইরের পথে যাত্রা করেছে

0
109

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের জলসীমায় আটকে পড়া ‘এমভি বাংলার জয়যাত্রা’ জাহাজ সৌদি আরবের রাস আল খাইর বন্দরের দিকে যাত্রা করেছে।

বুধবার (১ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজটি নতুন গন্তব্যে রওনা হয়। ক্যাপ্টেন শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম বলেন, গতরাতে শারজাহ বন্দরের বহির্নোঙর থেকে আমরা নোঙর তুলে সৌদি আরবের রাস আল খাইর বন্দরের দিকে যাত্রা শুরু করেছি। এই দূরত্ব ৩৬০ নটিক্যাল মাইলের। আশা করি, শুক্রবার রাতে গন্তব্যে পৌঁছাতে পারবো।

জানা যায়, এ যাত্রায় ‘বাংলার জয়যাত্রা’ পারস্য উপসাগর দিয়ে গন্তব্যের দিকে যাবে। ফলে জাহাজটিকে হরমুজ প্রণালি পাড়ি দিতে হবে না।

এর আগে, গত ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের জলসীমায় পৌঁছেছিল ‘বাংলার জয়যাত্রা’। তবে নিরাপত্তার স্বার্থে সেখানেই ২১ দিন আটকে থাকতে হয় জাহাজটিকে।

তার আগে জাহাজটি আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালির পথ ধরেছিল। তবে আমিরাতের কোস্ট গার্ড ওই পথে না আগানোর পরামর্শ দিলে যানটি ফিরে আসে।

তবে জাহাজটি রাস আল খাইর বন্দরে পৌঁছানোর পর কোথায় যাত্রা করবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

তিনি বলেন, রাস আল খাইর বন্দর থেকে সার নিয়ে ব্রাজিল অথবা দক্ষিণ আফ্রিকা অথবা মোজাম্বিকের উদ্দেশে বাংলার জয়যাত্রা রওনা হতে পারে। তবে কোন গন্তব্যে যাবে তা এখনো চার্টার প্রতিষ্ঠান নিশ্চিত করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 10 =