নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুজন মিয়া পলাতক রয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের বল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফিয়া আক্তার পাঁচ সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন পেশায় একটি যানবাহনের চালক এবং তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিলেন। প্রায়ই সামান্য বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করতেন এবং তাদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
গতকাল বিরোধের একপর্যায়ে সুজন তার স্ত্রী আফিয়াকে ছুরি দিয়ে বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুজন পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




