দেশের জ্বালানি চাহিদা পূরণে চীন ও ভারত থেকে ৫৩ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে

0
101

দেশের জ্বালানি চাহিদা পূরণে চীন ও ভারত থেকে আমদানি করা ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা জানান, দৈনিক গড়ে ১২ হাজার ৫০০ টন ডিজেল চাহিদার ভিত্তিতে এই চালান দিয়ে প্রায় চার দিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে।

বন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে) বিকেলে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে। এর পরদিন শনিবার ভোরে পানামার পতাকাবাহী ‘প্রাইভেট সোলানা’ কুতুবদিয়া এঙ্করেজে পৌঁছে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আসে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বর্তমানে ডলফিন জেটি ও বহির্নোঙর মিলিয়ে মোট সাতটি জ্বালানি তেলবাহী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে তেল খালাস কার্যক্রম চলছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ২০টি জাহাজে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে। আর মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ প্রায় ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই চালান দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =