কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে

0
25

ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের পর সোমবার (১ জুন) ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয় প্রশাসন।

গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফর উপলক্ষে নির্মিত সোনালি রঙের এই বিশাল ভাস্কর্যটি শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। ভাস্কর্যে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে উদযাপনের ভঙ্গিতে দেখানো হয়েছিল। উদ্বোধনের সময় অনলাইনে যুক্ত হয়ে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন মেসি।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি এএফপি-কে জানান, “স্থানীয়দের অভিযোগের পর সোমবার বিকালে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে। পরে নতুন কোনো স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

মেসির ভাস্কর্যটি সরিয়ে ফেলার পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছেন অনেকে। ভাস্কর্যটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। সম্প্রতি দায়িত্ব পাওয়া ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রমানিক ভাস্কর্যটিকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যের কিছুদিনের মধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − seven =