ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রেশমা বেগম সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।
রোববার (৭ জুন ) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে জেলার মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানান যায়, ভোরে একটি প্রাইভেটকার মধুখালীর গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচীরে সজোরে আঘাত করে। এতে গাড়ির তিন যাত্রী আহত হয়। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের কে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশমা বেগম কে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানা ওসি মো. জহুরুল ইসলাম বলেন, নিহত রেশমা বেগম তার মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরায় যাচ্ছিলেন। সঙ্গে তার স্বামী ও ৫ বছর বয়সী একটি মেয়ে ছিলেন। তারা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গাড়িচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিশ্চিত দুর্ঘটনার প্রমাণ থাকায় ও তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটির পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




