কাপুর পরিবারে সবচেয়ে শিক্ষিত সদস্য রণবীর প্রথমবারেই মাধ্যমিক পাশ করেন

0
4

অভিনেতা রণবীর কাপুর বলিউডের কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য, তার চেয়ে বেশি পড়াশোনা নাকি আর কেউ করেননি। ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে রণবীর মজার একটি ঘটনা শেয়ার করেছিলেন। সেখানেই তিনি বলেছিলেন, কাপুর পরিবারের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করা সদস্য।

রণবীর বলেন, ‘দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময়ে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। তখন তিনি তার বাবা ঋষি কাপুর পরিচালিত ‘আ অব লওট চলে’ সিনেমার কাজে সাহায্য করছিলেন। আর মা নীতু কাপুর স্কুল থেকে তার পরীক্ষার ফল আনতে গিয়েছিলেন।’ সেদিন নাকি রণবীরের বন্ধু আয়েশা ফোন করে নীতুকে জানান রণবীর ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। এ খবর শুনে নীতু আনন্দে চিৎকার করে ওঠেন।

রণবীর ঐ পর্বে আরও বলেন, ‘সেই সময় তার পাশ করার খবর শুনে বাড়িতে বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারও ফেল না করে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছিলেন।’

কাপুর পরিবারে তুমিই কি প্রথম ছেলে, যে একবারও ফেল না করে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো? করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘হ্যাঁ, আমার জন্য পার্টির আয়োজনও করা হয়েছিল। আমার ঠাকুরমার চোখে পানি চলে এসে গিয়েছিল আনন্দে। কারণ কাপুর পরিবারের কোনো ছেলে এর আগে একবারে দশম শ্রেণির পরীক্ষা পাশ করতে পারেনি। এটা আমাদের পরিবারের কাছে খুব বড় একটা ঘটনা ছিল। তাই আমি মজা করে বলি আমিই আমাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত মানুষ।’

উল্লেখ্য, অভিনেতা রণবীর কাপুরকে খুব শিগগিরই তার স্ত্রী আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানশালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে। এ ছাড়া তিনি নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন। সেই সিনেমায় সাই পল্লবী সীতার চরিত্রে, যশ রাবণ, সানি দেওল হনুমানের চরিত্রে এবং রবি দুবে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন। এ সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + sixteen =