এ কেমন বর্বরতা, ক্ষেতে বসায় ‘বিষ’ দিয়ে শতাধিক কবুতর হত্যা

0
196

সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা এলাকায় সরিষা ক্ষেতে বিষ দিয়ে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন কবুতরগুলোর মালিক খামারি রায়হান কবির।

সোমবার (১ ডিসেম্বর) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও মৃত কবুতরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পদ্মশাখরা ফুটবল মাঠ-সংলগ্ন রায়হানের বাড়িতে কবুতরের খামার রয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক কবুতর ছিল। খামারের অদূরেই অভিযুক্ত ইসমাইল গাজীর সরিষাক্ষেত। রায়হানের কবুতরগুলো উড়াউড়ির সময় মাঝেমধ্যে ওই ক্ষেতে গিয়ে বসতো। এতে ক্ষিপ্ত ছিলেন ইসমাইল। গত সোমবার সকাল ৭টার দিকে খামার থেকে কবুতরগুলো ছেড়ে দেন রায়হান কবির। কবুতরগুলো মরে পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন কিছু কবুতর ছটফট করছে, কিছু ওই ক্ষেতে মরে পড়ে আছে।

রায়হান অভিযোগ করেন, কবুতর মারা যাওয়ার বিষয়টি নিয়ে ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানোর পর তিনি থানায় অভিযোগ করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে ইসমাইল কোনো কথা বলতে রাজি হননি।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, কবুতর হত্যার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 11 =