খালেদা জিয়ার লড়াই ধারণ করেই দেশ পুনর্গঠন করব:আহ্বায়ক নাহিদ ইসলাম

0
191

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইকে ধারণ করেই বাংলাদেশকে পুনর্গঠন করা হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির   আহ্বায়ক(এনসিপি)নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতেরা জধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আমরা সবসময় দোয়া করেছি, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। কারণ, বাংলাদেশ যে সংকটকাল অতিক্রম করছে এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের পর নতুন করে যে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে—এই সময়ে তিনি ছিলেন জাতির একজন অভিভাবক। এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি খুবই প্রয়োজন ছিল।”

বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, “নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম পর্যন্ত তার আপসহীন মনোভাব ও দৃঢ়তা দেশের গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদমুক্ত রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চব্বিশের প্রজন্ম যে নতুন লড়াই শুরু করেছে—সেই লড়াইয়ে বেগম জিয়া চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”

নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, “বেগম জিয়ার সেই লড়াইকে ধারণ করেই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করব।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম। তিনি বলেন, “আজ বাংলাদেশের মানুষ শোকাহত। আমরা বেগম জিয়ার জন্য দোয়া করি—আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।”

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 10 =