আসরের দ্রুততম ফিফটি নাসিরের, টানা পঞ্চম হার নোয়াখালীর

0
203

রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় ঢাকা ক্যাপিটালস। মাত্র ৩ ওভারে ১৪ রান তুলতেই ২ উইকেট হারায় দলটি। তবে এরপর মাত্র ১০ বলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ৩৪ বছর বয়সী ব্যাটার নাসির হোসেন

চতুর্থ ওভারে মোহাম্মদ নবীর প্রথম তিন বলেই চার হাঁকান নাসির। পরের ওভারে পাকিস্তানি বাঁহাতি স্পিনার মাজ সাদাকাতের প্রথম চার বলও পাঠান বাউন্ডারির বাইরে, যার একটি ছিল ছক্কা। টানা দুই ওভারে আসে ৩৫ রান। এরপর আর কোনো চাপেই পড়তে হয়নি ঢাকাকে।ফিফটি করতে মাত্র ২১ বল খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তাতেই হয়েছে রেকর্ড। এবারের আসরে এটাই দ্রুততম ফিফটি। এর আগে রেকর্ডটি ছিল রংপুর রাইডার্সের কাইল মেয়ার্সের অধীনে। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ২৩ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

২১ বলে ফিফটি তুলে নেওয়া নাসির হোসেন খেলেন টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা ৯০ রানের অপরাজিত ইনিংস। তার ব্যাটে ভর করে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পায় ঢাকা ক্যাপিটালস। নাসিররা ম্যাচ জিতেছেন ৩৫ বল হাতে রেখেই।

১৬ বছরের টি–টোয়েন্টি ক্যারিয়ারের ১৫৭তম ম্যাচে এসে প্রথমবার ৯০ ছাড়ালেন নাসির। এর আগে এই ফরম্যাটে তার সর্বোচ্চ ছিল ৮০ রান, যা করেছিলেন ২০১৩ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে। স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি নাসিরের ১০ম ফিফটি। বল হাতেও অবদান রাখেন নাসির। ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট।

এর আগে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে আগে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস তোলে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান। ইনিংসের মাঝপথ পর্যন্ত তারা বড় বিপর্যয়ে ছিল। ৯.৩ ওভারে ৪০ রানে ৫ উইকেট হারানোর পর দলকে লড়াইয়ের জায়গায় নেন দুই বিদেশি মোহাম্মদ নবী ও হায়দার আলী। ৬১ বলে ৯১ রানের জুটি গড়েন তারা। হায়দার আলী ৩৬ বলে ৪৭ রান করে আউট হলেও ৩৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী।

তবে এই রান নিয়ে নূন্যতম লড়াইও গড়তে পারেনি নোয়াখালী। হাসান মাহমুদ শুরুতে দুই উইকেট নিলেও শেষটা একপেশে করে দেন নাসির। এবারের বিপিএলে দ্রুততম ফিফটির পর ৫০ বলে ১৪টি চার ও ২ ছক্কায় ৯০ রানে অপরাজিত থেকে দলকে ১৪.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ইমাদ ওয়াসিম ১৬ বলে করেন ২৯ রান।

৫ ম্যাচে এটি ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারানোর পর টানা তিন ম্যাচ হেরেছিল তারা। পয়েন্ট টেবিলে এখনো সবার নিচে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যারা ৫ ম্যাচে এখনো জয় পায়নি।

সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস: ২০ ওভারে ১৩৩/৬
(হায়দার ৪৭, নবী ৪২*; ইমাদ ১/১৬, নাসির ১/২৪)

ঢাকা ক্যাপিটালস: ১৪.৫ ওভারে ১৩৪/৩
(নাসির ৯০*, ইমাদ ২৯*)

ফল: ঢাকা ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − six =