রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেরাবো সড়কের মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে।ছুরিকাঘাতে নিহত আমেনা বেগম নারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের স্ত্রী। গণপিটুনিতে নিহত যুবকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের স্ত্রী গৃহবধূ আমেনা বেগম বাড়ি ফেরার পথে কেরাবো রাস্তার মোড়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন গৃহবধূ আমেনা বেগম ছিনতাইকারীদের একজনকে জাপটে ধরে ডাক-চিৎকার করে। এসময় একজন আমেনা বেগমের গলায় ছুতিকাঘাত করে। আমেনা বেগম মাটিতে লুটে পড়েন।
একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর আমেনা বেগমকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানা ওসি মো. সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। স্থানীয় একটি হাসপাতাল থেকে ওই নারীর এবং ঘটনাস্থল থেকে গণপিটুনিতে নিহত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলো নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




