রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার

0
127

রাজবাড়ীতে রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা। তিনি বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেয়ে ও জামাতার সঙ্গে জরুরি কাজে রাজবাড়ী কোর্টে এসেছিলেন তিনি। স্বজনদের সেখানে বসিয়ে রেখে রিকশাযোগে রেলগেট এলাকার একটি হোটেলে নাস্তা করতে যাওয়ার পথেই তিনি এই দুর্ঘটনার শিকার হন। চলন্ত রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসেন জানান, ওই বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলার শ্বাসনালীতে প্রচণ্ড চাপ বা ফাঁস লাগার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের বিশেষ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 20 =