বিজেপি সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু

0
1

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত অন্তত ১০ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (২৩ জুন) রাজ্য বিধানসভায় দেওয়া এক বক্তব্যে তিনি এই তথ্য জানান।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে শনাক্ত হওয়া প্রায় ১০ হাজার অবৈধ অভিবাসীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া বর্তমানে রাজ্যের ১২টি আটক কেন্দ্রে আরও প্রায় ১ হাজার ৮০০ জন অবস্থান করছেন।

তিনি বলেন, যেসব ব্যক্তি বৈধভাবে ভারতের নাগরিক, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ধর্ম, সম্প্রদায় কিংবা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রকৃত নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে।

শুভেন্দু অধিকারীর জানান , রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত থাকবে। একই সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের দীর্ঘদিন আটক রেখে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার পরিবর্তে তাদের নিজ দেশে ফেরত পাঠানোই সরকারের নীতি। এতে সাশ্রয় হওয়া অর্থ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা যাবে।

মুখ্যমন্ত্রীর দাবি, সীমান্তবর্তী হিলি-হাকিমপুর এলাকা দিয়েও অনেক বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় ফিরে গেছেন। সীমান্তে বেড়া নির্মাণের জন্য ইতোমধ্যে বিএসএফের কাছে ১৪২ দশমিক ৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত মে মাসে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ থেকে আসা নথিপত্রবিহীন অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর অভিযান শুরু হয়।

সূত্র: দ্য ওয়্যার

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =