বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মঈন উদ্দিন আহমেদ।মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগের বিস্তারিত শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।




