১৩৪১ টাকার সিলিন্ডার বেড়ে ১৭২৮ টাকা, বিক্রি ২১০০ থেকে ২২০০-তে

0
124

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের ২২টি হাট-বাজারে নির্ধারিত নতুন দামের চেয়েও বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ তুলেছেন ক্রেতারা। এতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়েও ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে যার মূল্য দাঁড়ায় ২১০০ থেকে ২২০০ টাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এলপিজি সিলিন্ডারের নতুন দাম হয় ১ হাজার ৭২৮ টাকা। গত মাসে এর দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। তার মানে ১২ কেজিতে দাম বেড়েছিল ৩৮৭ টাকা। অর্থাৎ নির্ধারিত দাম অনুযায়ী ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকায় বিক্রির কথা ছিল। গত মাসে এর দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। তার মানে ১২ কেজিতে দাম বেড়েছিল ৩৮৭ টাকা।

তবে শুক্রবার (১০ এপ্রিল) ভোক্তা ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলিন্ডারের কৃত্রিম সংকটের অজুহাতে বেশি রাখা হচ্ছে দাম। এতে প্রতিটি সিলিন্ডারের দাম সর্বোচ্চ ৮১৩ টাকা পর্যন্ত বেশি রাখা হচ্ছে।

শুক্রবার সকালে উপজেলার ১০ মাইল বাজারে খুচরা এক বিক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন, ডিলারদের কাছ থেকে বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। আমি প্রতি সিলিন্ডারে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করছি।

নাম না প্রকাশ করার শর্তে এক খুচরা ব্যবসায়ী জানান, আগে ডিলাররা ১০-১২টি করে সিলিন্ডার দিতেন। এখন ৩/৪টি সিলিন্ডার দেন। দাম সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেন। আমরা খুচরা ব্যবসায়ী অল্প লাভে ব্যবসা করি।

ক্রেতা আমিনুল ইসলাম বলেন, ক্রেতাদের জিম্মি করে অবৈধভাবে এই গ্যাসের দাম বেশি নিচ্ছে ব্যবসায়ীরা।

ভোক্তাদের অভিযোগ সম্পর্কে জানতে চেয়ে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম বলেন, যেকোনো ধরনের মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কেউ যদি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত দামের চেয়ে বেশি রাখে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =