ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় বাবা-ছেলের দীর্ঘদিনের বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শোনা গেছে এবং এতে অন্তত দুই রাউন্ড গুলি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, ওই খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন রাজনৈতিক অবস্থান নেওয়ায় সেই বিরোধ আরও তীব্র হয়। ঘটনার দিন দুপুরে রানার অফিসে গিয়ে খোকা মিয়া অফিস বন্ধ করতে বললে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে রানা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়ে বলে জানা গেছে।
এ ঘটনায় আলম মিয়ার ছেলে খোকা মিয়া (৫০), তার সঙ্গী স্থানীয় ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) এবং রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) আহত হন। আহতদের মধ্যে খোকা মিয়া ও খোকনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা জানান, আহতদের শরীরে গুলির স্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে আহতরা গুলির কথা বলছে। প্রয়োজন হলে এক্স-রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




