ঈদে টানা ৭ দিনের ছুটির সম্ভাবনা, ১৮ মার্চ ছুটির প্রস্তাব

0
394

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব অনুমোদন পেলে এবারের ঈদে টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে ঈদের ছুটি সাত দিনে উন্নীত হবে।

সূত্র আরও জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। এ সম্ভাবনা ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির পরিকল্পনা নির্ধারণ করেছে। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং মাঝখানে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করেই ঈদের আগে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ প্রস্তাব কার্যকর হলে ঈদের আগে চার দিনের ছুটি এবং ঈদের দিন ও পরের দুই দিন মিলিয়ে মোট সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − sixteen =